
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে বিমানবন্দর সড়ক হয়ে কর্ণফুলী টানেলের মুখ পর্যন্ত সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন মেয়র। পরে টাইগারপাস, লালখানবাজার, অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বরসহ বিভিন্ন এলাকার সড়ক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। তারা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
মেয়র সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন। একই সঙ্গে যেসব সড়কের মিডিয়ানে রেলিং নেই, সেসব স্থানে দ্রুত রেলিং স্থাপন এবং যেসব সড়কের রং উঠে গেছে, সেগুলো নতুন করে রং করার নির্দেশনা দেন।
এ ছাড়া বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত যেসব সড়কের মিড-আইল্যান্ডে এখনো গাছ লাগানো হয়নি, সেসব স্থানে দ্রুত দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশ দেন মেয়র। এরই মধ্যে যেসব স্থানে গাছ লাগানো হয়েছে, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
নগরীর কোথাও স্ল্যাব ও রেলিং না থাকলে সেসব স্থানে দ্রুত স্ল্যাব ও রেলিং স্থাপনেরও নির্দেশ দেন মেয়র।
পরিদর্শনকালে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইন এলাকায় সড়ক উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন। প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের সড়কে লোড বেয়ারিং স্ল্যাবসহ নতুন ড্রেন নির্মাণ করা হবে। এতে চসিকের প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হবে।
উদ্বোধনকালে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন পরিকল্পনা শুধু প্রধান সড়ককে ঘিরে নয়, নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাই লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় সড়ক ও ড্রেনেজ সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকার উন্নয়ন করা হবে।
তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে টেকসই সড়ক নির্মাণের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। সড়ক উন্নয়নের সঙ্গে পানি নিষ্কাশনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে মানুষের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও সহায়তা করবে।
মেয়র আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চসিকের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নকাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, পুরাতন উর্দু লেইন এলাকার দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ সমস্যা সমাধানে প্রকল্পটি নেওয়া হয়েছে। কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে।
উদ্বোধন অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।